এবার খোঁজ মিলল ভুয়ো সেনা কর্মীর
দি নিউজ লায়নঃ এ রাজ্যে ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই এর পর এবার খোঁজ মিলল ভুয়ো সেনা কর্মীর। নিজেকে সেনা কর্মী পরিচয় দিয়ে বন্ধু ও বান্ধবীদের ইমপ্রেস করার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেনীর ওই স্কুল পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এক বান্ধবীর দাদাকে সেনা বাহিনীতে চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ারও। স্থানীয় সূত্রে জানা গেছে বিষ্ণুপুরের একটি হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর এক ছাত্র গত প্রায় এক বছর আগে পরিকল্পিত ভাবে সেনাবাহিনীতে চাকরী পেয়ে যাওয়ার ভুয়ো খবর ছড়িয়ে দেয়। বিশ্বাস অর্জনের জন্য নিজে সেনাবাহিনীর একটি নকল পরিচয়পত্রও তৈরী করে সে।
এরপর থেকে নিজের বিভিন্ন সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর পোষাক পরা ছবি পোস্ট করতে থাকে সে। নিজের বাইকেও আর্মি লিখে রেখেছিল ওই স্কুল পড়ুয়া। অভিযোগ নিজেকে সেনাকর্মী হিসাবে পরিচয় দিয়ে ওই স্কুল পড়ুয়া বান্ধবীদের ইমপ্রেস করার চেষ্টা করত। জানা গেছে সম্প্রতি এক বান্ধবীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বান্ধবীর আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য বান্ধবীর দাদা কে সেনাবাহিনীতে চাকরী করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় সে। বান্ধবীর পরিবারের বিশ্বাস অর্জনের জন্য বান্ধবীর দাদার জন্য সেনাবাহিনীর নকল একটি পরিচয়পত্রও তৈরী করায় ওই স্কুল পড়ুয়া।
চাকরী করে দেওয়ার জন্য বান্ধবীর পরিবারের কাছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাবিও করে সে। এরপরই ওই স্কুল পড়ুয়ার চালচলনে সন্দেহ হয় বান্ধবীর পরিবারের। বন্ধবীর দাদা আজ সকালে ওই স্কুল পড়ুয়ার নামে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ ভুয়ো সেনাকর্মী ওই স্কুল পড়ুয়াকে আটক করে। তার কাছ থেকে সেনাবাহিনীর দুটি নকল পরিচয়পত্র, সেনাপোষাক ও একটি বাইক উদ্ধার করে। আটক হওয়া স্কুল পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিষ্ণুপুর স্টেশন রোডের একটি স্টুডিওতে এই নকল পরিচয়পত্রগুলি তৈরী করিয়েছিল সে।
এরপরই পুলিশ ওই স্টুডিওতে হানা দিয়ে স্টুডিওর মালিক প্রসেনজিৎ মিস্ত্রীকে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪১৯, ৪৬৮, ৪৭১ ও ১২০ বি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আটক স্কুল পড়ুয়ার বাবা বলেন, ছেলে স্কুলে এনসিসি করত জানতাম। কিন্তু এভাবে নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে এত কান্ড করে বেড়াচ্ছে জানতাম না। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, আটক স্কুল পড়ুয়া ও স্টুডিও মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Post a Comment